নিজের গরুর গুঁতায় প্রাণ গেল কৃষকের
প্রতিদিনের মতোই সকালে গরু নিয়ে বাড়ির পাশের বিলে গিয়েছিলেন কৃষক নবির হোসেন। সংসারের হাল ধরতে, গবাদিপশুর দেখভাল করতে জীবনের অর্ধশতক পেরোনো এই মানুষটির দিন শুরু হয়েছিল একেবারেই স্বাভাবিকভাবে। কিন্তু কে জানত, সেই সকালই হবে তাঁর জীবনের শেষ সকাল! ক্ষিপ্ত একটি গরুর আকস্মিক আক্রমণে মুহূর্তেই থেমে গেল তাঁর জীবনের সব সংগ্রাম, সব স্বপ্ন।
মঙ্গলবার (১৬ জুন) গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবির হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির পাশের বিলে গরু চরাতে নিয়ে যান নবির হোসেন। একপর্যায়ে হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গরুটির গুঁতায় তিনি গুরুতর আহত হন। আঘাতের তীব্রতায় তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাটি দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানো পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর খবরে চিনিরপটল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। সকালে যে মানুষটি ঘর থেকে বেরিয়েছিলেন জীবিকার তাগিদে, কয়েক ঘণ্টা পর তাঁর নিথর দেহ ফিরে আসে বাড়িতে।
ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে গরুর গুঁতায় গুরুতর আহত হওয়ার পর নবির হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
স্থানীয়রা জানান, শান্ত-স্বভাবের পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন নবির হোসেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করতে পারছেন না, জীবিকার সঙ্গী সেই গরুই কেড়ে নিল একজন কৃষকের প্রাণ।