১৬ জুন ২০২৬, ২০:২৭

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’

ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি তুলে দেওয়া হচ্ছে  © টিডিসি

প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প উদ্ভাবন করে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর জাতীয় পর্যায়ের বিশেষ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বরগুনা সাইন্স সোসাইটির প্রকল্প ‘শূন্য’। দেশজুড়ে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য অর্জন করেছে দলের সদস্যরা।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে অংশ নেয় বরগুনা সাইন্স সোসাইটির টিম ‘শূন্য’। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ১৪ থেকে ১৬ জুন অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রকল্পটি প্রদর্শন করা হয়। মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মনিরুজ্জামান বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি তুলে দেন।

‘শূন্য’ প্রকল্পের মূল লক্ষ্য পরিবেশবান্ধব বিকল্প উপাদান উদ্ভাবনের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানো। প্রকল্পটির আওতায় আখের ছোবড়া ও বিভিন্ন গাছের কষ ব্যবহার করে ‘শূন্য দানা’ নামে একটি বায়োডিগ্রেডেবল উপাদান তৈরি করা হয়েছে, যা প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব। এই উপাদান দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র তৈরি করা যেতে পারে বলে জানিয়েছেন উদ্ভাবকরা।

এ ছাড়া দলটি আখের ছোবড়া থেকে একবার ব্যবহারযোগ্য প্লেটও তৈরি করেছে। প্লেটটি ব্যবহারের পর ২০ থেকে ২৫ দিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যায় এবং পরিবেশের কোনো ক্ষতি করে না।

প্রকল্পের দলনেতা আকিল আহমেদ বলেন, ‘পরিবেশের কথা চিন্তা করেই আমরা প্লাস্টিকের বিকল্প নিয়ে কাজ শুরু করি। আমাদের তৈরি ওয়ান-টাইম প্লেট বর্তমানে বাজারজাত করার জন্য প্রস্তুত। তবে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং নিজস্ব কারখানা স্থাপনের জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।’

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বরগুনা সাইন্স সোসাইটি জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা প্রসার এবং গবেষণামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় সমস্যার বৈজ্ঞানিক সমাধান খোঁজার পাশাপাশি সংগঠনটি নিয়মিত বিজ্ঞান আড্ডা, রোবটিক্স কর্মশালা এবং বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের আয়োজন করে। প্রতি বছর অক্টোবর মাসে বরগুনায় দেশের অন্যতম বৃহৎ মহাকাশ ক্যাম্পও আয়োজন করে সংগঠনটি।

জাতীয় পর্যায়ে বিশেষ গ্রুপে ‘শূন্য’ প্রকল্পের এই সাফল্য বরগুনার বিজ্ঞানচর্চা ও তরুণ উদ্ভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।