মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের ওপর হামলা, আহত কয়েকজন
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় সরকারি বনভূমি দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে বন বিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বন বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের একপর্যায়ে একটি সংঘবদ্ধ দখলদার চক্র স্থানীয়ভাবে মাইকিং করে লোকজনকে জড়ো করে এবং উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে।
অভিযোগ রয়েছে, মাইকিংয়ের পর একদল ব্যক্তি লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন বনকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশখালী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সরকারি বনভূমি রক্ষার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছিল। কিন্তু অবৈধ দখলদারদের একটি সংগঠিত গোষ্ঠী উচ্ছেদ কার্যক্রমে বাধা দিতে হামলার পথ বেছে নেয়। সরকারি দায়িত্ব পালনের সময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।