১৬ জুন ২০২৬, ১৭:২২

চকরিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিহত ওয়াহিদুল ইসলাম  © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর ৭ বছর বয়সী শিশু ওয়াহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ফজুমিয়াজিরচর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের একটি ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। প্রাথমিকভাবে অনেকের মনে অপহরণ কিংবা হত্যার সন্দেহ জাগলেও প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”