১৫ জুন ২০২৬, ২০:৫৫

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি  © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় শাওন হাওলাদার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার টিএনটি রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন হাওলাদার উপজেলার রোলা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস শুক্কুর হাওলাদারের ছেলে। তিনি চাঁদপুরে একটি জাহাজে চাকরি করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে শাওন বাড়িতে আসেন। রবিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। তার মা সালমা বেগম তাকে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিবারের দাবি, শাওন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পরিবারের সদস্যরা ময়নাতদন্তের আশঙ্কায় মরদেহ নামিয়ে গ্রামের বাড়ি রোলা এলাকায় নিয়ে যান। পরে খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।