১৫ জুন ২০২৬, ১৯:৪৮

বাগেরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পরিবহন দুটি  © টিডিসি

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ এলাকার কবিরাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত সাতজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহতদের মধ্যে বাসের হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।