১৫ জুন ২০২৬, ১৯:৩৭

শেখ মুজিবের ম্যুরালে কালি লেপন, গোপালগঞ্জে সড়ক অবরোধ করল ছাত্রলীগ 

বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা  © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে (প্রতিকৃতি) কালি লেপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।

অবরোধ ও বিক্ষোভের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কের ওপর টায়ার ও লাকড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আকস্মিক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং বেশ কয়েকটি যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়ে। তবে এই ঝটিকা মিছিলে ঠিক কারা নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, আজ সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধের একটি ভিডিও শেয়ার করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালো কালি লেপে দেয়। পরদিন ১০ জুন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে স্বউদ্যোগে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সেই ঘটনারই ধারাবাহিকতায় আজ এই বিক্ষোভের ডাক দেন সংগঠনটির স্থানীয় নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মহাসড়কে সংক্ষিপ্ত মিছিল ও অবরোধের চেষ্টা করছিলেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়, তবে পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা সড়ক ছেড়ে সটকে পড়েন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”