১৫ জুন ২০২৬, ১৮:৪৯

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন  © টিডিসি

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’ প্রভৃতি স্লোগান।

বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থান ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং ময়লা-আবর্জনা ভেসে বেড়াচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। এছাড়া শহরে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান ও আধুনিক ডাম্পিং স্টেশন না থাকায় পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে।

তারা অভিযোগ করেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবার মান সন্তোষজনক নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে শহরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ, আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার দাবি জানানো হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল, ইমতি জামিল, নুরজাহান খাতুন প্রমুখ।