১৫ জুন ২০২৬, ১৪:১৭

ডুবে থাকা জাহাজ থেকে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

জাহাজ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার  © টিডিসি ফটো

পিরোজপুরের জিয়ানগরে দুর্ঘটনায় ডুবে যাওয়া পণ্যবাহী কার্গো থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার  করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ সোমবার (১৫ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকা থেকে জিয়ানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুল্লাহ একই এলাকার আলাল পশারীর ছোট ছেলে। 

থানা ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, গত ১২ জুন ঢাকা থেকে ছেড়ে আসা আকিজ গ্রুপের এমভি গ্রীন এসট্রল-১ নামের একটি পন্যবাহী কার্গো উমেদপুর এলাকার পাড়েরহাট মৎস্য বন্দর সংলগ্ন কচা নদীর চরে এসে দূর্ঘটনার স্বীকার হয়। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কার্গো চালক, হেলপার ও কতৃপক্ষ নিরাপদে চলে যান। একইদিন রাত সাড়ে ১১ টার দিকে নিহত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরদিন পরিবারের লোকজন নানা জায়গায় খোজাখুজি করলে জাহাজের পাশে ছোট ডিঙ্গি নৌকায় নিহতের পায়ের একটি জুতা এবং কার্গোর সিঁড়ির ওপর ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পেয়ে আব্দুল্লার বড় ভাই রানা পশারী ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে রানা পশারী বলেন, আমার ভাই নিখোঁজ ছিল। আমি থানায় জিডিও করেছিলাম। আমার ভাই ওই জাহাজের কাছে কেন এবং কিভাবে গেছে সেটা আমি বুঝতে পারছি না। আমার ভাইয়ের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা সেটা ময়না তদন্তের পরে বুঝতে পারব। 

জিয়ানগর ফায়ারসার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আকিজ গ্রুপের একটি পন্যবাহী কার্গো পাড়েরহাটে ১২ জুন দূর্ঘটনার স্বীকার হয়ে নদীর চরে ডুবে যায়। পরদিন ১৩ জুন থানায় একটি সাধারণ ডায়েরি হলে আমাদেরকে ডুবুরিদলের জন্য চিঠি দেয়। পরে বরিশালে ডুবুরি দলকে খবর দিলে তারা গতকাল বিকালে আসলে তাদেরকে সাথে নিয়ে আমরা কার্গোটির ইঞ্জিন থেকে লাশটি উদ্ধার করতে সক্ষম হই। ধারনা করছি চুরির উদ্দেশ্যে ওই যুবকসহ একাধিক লোক একটি নৌকায় করে আসছিল। সেই নৌকায় নিহতের একটি জুতাও পাওয়া গেছে। কার্গোটির ইঞ্জিনে তারা ঢুকলে স্লিপ কেটে ওই যুবক পড়ে গিয়ে ভিতরে আটকে থাকে এবং বাকীরা পালিয়ে যায়।

জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত খান বলেন, নিহত আব্দুল্লার ভাই রানার সাধারণ ডায়েরির ভিত্তিতে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য আমরা ফায়ার সার্ভিসকে চিঠি পাঠাই। ফায়ার সার্ভিস এবং আমাদের যৌথ অভিযানে আজ বিকেলে আব্দুল্লাহর লাশ অর্ধগলিত অবস্থায় জাহাজের ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।