গোসল নেমে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) এবং মোসা. সুরাইয়া (১২)। নিহত রাশেদুজ্জামান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে। অন্য দুইজন গালিব ও সুরাইয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম মিয়ার সন্তান। তারা সবাই বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন রাশেদুজ্জামান। সেই সুবাদে সিদ্ধিরগঞ্জের শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন রাশেদুজ্জামান। দুপুরে রাশেদুজ্জামান, তার শ্বশুর আকরাম ও আকরামের দুই সন্তান একত্রে ডিএনডি লেকে গোসল করতে নামে। এরপর তারা তিনজন পানিতে তলিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।