১৪ জুন ২০২৬, ০৮:৫৫

হবিগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

নিখোঁজ মো. আব্দুল্লাহ  © সংগৃহীত

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ বিকেলে খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

‎চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উপজেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

‎এ প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।