১৩ জুন ২০২৬, ১৮:৩০

২৪ ঘণ্টায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামি জয়নুল ও আশরাফুল  © সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিলে ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত আসামি জয়নুল ও আশরাফুল নিহত ব্যক্তির ব্যবসায়িক অংশীদার বলে জানিয়েছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় সেই শিবির নেতাকে বহিষ্কার 

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১১ জুন বারোমাসি বিলে কচুরিপানার নিচে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ব্যবসায়িক বিরোধ ও লোভের কারণে তার ব্যবসায়িক অংশীদাররা পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি বেরিয়ে আসে। তারা শফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বিলে ফেলে রাখে। পরে তার মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে যায়।

পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।