১৩ জুন ২০২৬, ১৩:৩৫

সড়কের পাশে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পাথরঘাটা থানা  © সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কের পাশে রিকশাচালক মিজানুর রহমানের (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মিজানুর রহমান ওই এলাকার প্রয়াত সফেজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ির সামনে নিজের রিকশা চার্জে বসিয়ে রাত ১১টার দিকে ঘরে ফেরেন মিজানুর। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই রাত কাটান। তবে গভীর রাতে কখন তিনি ঘর থেকে বের হয়েছেন, তা কেউ টের পাননি।

শনিবার ভোরে ফজরের নামাজের পর স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনের সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই শাহজাহান মিয়া দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন। পূর্বশত্রুতার জের ধরেই মিজানুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।