ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, বিশ্বকাপ উপভোগ করি: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি
“ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। হেক্সা জয়ের প্রত্যাশায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ফুটবলপ্রেমী অংশ নিয়ে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়। ব্রাজিল দলের পরিচিত হলুদ-সবুজ রঙে সজ্জিত সমর্থকেরা পতাকা, ব্যানার ও জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন। কোলের শিশু থেকে প্রবীণ নাগরিক—সব বয়সী মানুষের উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সবাই এক কাতারে শামিল হন।
শোভাযাত্রাটি ওয়াজির আলী স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ র্যালিটি উপভোগ করেন এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক সাংবাদিক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাকিবুল ইসলাম বাপ্পি এবং সাংবাদিক ইমন হাসান।
বক্তারা বলেন, বিশ্ব ফুটবলে ব্রাজিল একটি ঐতিহ্যবাহী নাম। নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবলের জন্য দেশটির প্রতি কোটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসা রয়েছে। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে এবং সেই বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, চলমান বিশ্বকাপে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
বর্ণিল এ আয়োজন আবারও প্রমাণ করেছে, ফুটবলের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা এখনও অটুট।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র্যালি ঝিনাইদহের ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।