১২ জুন ২০২৬, ২৩:৩৩

বিএসএফের ‍গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি  © সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকারই বাসিন্দা এবং তার বাবার নাম মৃত আজিবুর রহমান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস ঘটনার বিবরণ দিয়ে জানান, যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি—সন্ধ্যায় নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর অসাবধানতাবশত ভারতীয় সীমানার ভেতরে চলে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক গুলির ঘটনার খবর তারা পেয়েছেন। এই ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।