ঢাকার যানজট নিরসনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইলেকট্রিক বাস
রাজধানীর যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণসহ সারাদেশে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশকিছু পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থ বছরের (২০২৬-২৭) বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ; বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার এবং মেরামতের আওতায় আনা হচ্ছে। দেশব্যাপী প্রায় ৩ হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য করিডোরসমূহ চিহ্নিতকরণ ও সমীক্ষা চলমান রয়েছে। একইসঙ্গে সড়ক, রেল, নৌ ও বিমান পরিবহন সমন্বয়ে মাল্টিমোেডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, এক্সেল লোড নিয়ন্ত্রণে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নতুন নিয়ন্ত্রণ স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পাশাপাশি সড়ক নিরাপত্তা জোরদার, রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল টোল ব্যবস্থার সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে। বাস রুট যৌক্তিকীকরণ, ইলেকট্রিক বাস চালু এবং দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করে গড়ে তুলতে সহায়ক হবে।