আর কোনদিন পরীক্ষায় বসবে না কলেজ ছাত্র হান্নান শাহ
চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল হান্নান শাহ(২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান শাহ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহ এর ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিলো বড় এবং আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
জানা যায়, সকালে বাবার সাথে তাদের পুরাতনভিটায় যায় নিহত হান্নান শাহ। সেখানে বাবার সাথে সুপারি গাছ কাটতেছিল সে। সুপারি গাছগুলো কাটার একপর্যায়ে একটি মৃত সুপারি গাছ কেটে নামানোর সময় গাছটি বৈদ্যুতিক খুঁটির হাইভোল্টেজ তারের সাথে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা, সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসাইন বলেন, বাবার কাজে সাহায্য করতে একসাথে সুপারি গাছ কাটতে গিয়েছিল সে। কে জানতো বাবার কাজে সাহায্য করতে তাকে এভাবে জীবন দিতে হবে। আজ দুপুরে তার ডিগ্রী ১ম বর্ষেও পরীক্ষা ছিলো তার। কাজ থেকে ফিরে সে পরীক্ষায় অংশ নিতো, তার আগেই পুরো এলাকা বিষাদে রূপ নিল।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল জানান, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হান্নান শাহ নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।