১০ জুন ২০২৬, ১৩:৪২

গোপালগঞ্জে নিরাপদ সুপেয় পানির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোলাবাড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ সিসিডিবি-সিপিআরপি  © টিডিসি

‘শুদ্ধ পানির নিশ্চয়তা চাই, সুস্থভাবে বাঁচতে চাই’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল পাঁচটায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোলাবাড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ সিসিডিবি-সিপিআরপি।

সিসিডিবি-সিপিআরপির এরিয়া ম্যানেজার শাশ্বতী নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য রতন দত্ত, হালিমা খানম, দীপ্তি গাজী ও মায়া রায়।

বক্তারা বলেন, প্রান্তিক মানুষের জন্য আর্সেনিক, আয়রন ও জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তারা এ বিষয়ে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সভাপতির বক্তব্যে শাশ্বতী নাগ বলেন, এ অঞ্চলের উপরিভাগের পানিতে আর্সেনিক, অতিরিক্ত লবণাক্ততা ও বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে। ফলে এই অনিরাপদ পানি ব্যবহারের কারণে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের মধ্যে পানিবাহিত রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গোপালগঞ্জের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে সরকারিভাবে দ্রুত বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা প্রয়োজন। বাজারে বোতলজাত পানির দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পক্ষে পানি কিনে পান করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।