১০ জুন ২০২৬, ১০:০৪

ঘরে ঢুকে ছুরিকাঘাতে নারীকে হত্যা

নিহত সানজিদা আক্তার রেশমি  © সংগৃহীত

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সানজিদা আক্তার রেশমি নামে এক নারীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সানজিদা আক্তারের সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে এলাকায় আলোচনা ছিল। এ বিষয়কে কেন্দ্র করে বুধবার রাতে কয়েকজন নারী তার বাসায় গিয়ে কথা বলতে চান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় সানজিদাকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন সানজিদার ১২ বছর বয়সী ছেলে সাব্বির। তার চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় সমাজকর্মী ও সচেতন নাগরিকরা আহত নারীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত হিসেবে এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, পূর্ববর্তী বিরোধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর হাসপাতালে সাংবাদিকদের জানান, ঘটনার বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন না। খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, ‘স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহের সুরতহাল ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’