ভাত দিতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু
ভাত দিতে দেরি হওয়ায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন এক যুবকের শাবলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশ ইউনিয়নের পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নদীর পাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুনি ওরফে রুকশী (৫০) চল্লিশা গ্রামের বাসিন্দা শ্যামলালের স্ত্রী। অভিযুক্ত শ্যামল (২৩) তার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুকশী বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে শ্যামল ঘরে এসে মায়ের কাছে ভাত চান। ভাত দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ঘরে থাকা লোহার শাবল দিয়ে মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। রুকশীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শ্যামলকে আটক করেন। তবে শাবলের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রুকশী।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত শ্যামলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, শ্যামল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।