দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান ওরফে খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার পোগলা ইউনিয়নের পাবই মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ জানুয়ারি কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ওই দিন রাষ্ট্রবিরোধী স্লোগান ও মিছিল বের করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় সে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী সামছুলের একটি ফার্নিচারের দোকানে হামলা, ভাঙচুর এবং ব্যাপক মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে খোকনের বিরুদ্ধে। কলমাকান্দা থানায় দায়ের করা নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (তদন্ত) সজল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রফিকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।’