উল্টো পথে আসা ইজিবাইকের চালককে আটক করায় পুলিশের গাড়ি ভাঙচুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন।
স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেট এলাকায় উল্টো পথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা যায়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, ‘অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও পিটিয়ে ভাঙচুর করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’