হাদি হত্যা: মমতার বক্তব্যের রহস্য উদঘাটন দাবি বোন মাসুমা হাদির
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তার বোন মাছুমা হাদি।
তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যের রহস্য উদঘাটন এবং তার সূত্র ধরে হত্যাকাণ্ডের প্রকৃত সত্য বের করা রাষ্ট্রের দায়িত্ব।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাছুমা হাদি বলেন, মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের প্রকৃত অর্থ ও তথ্য উদঘাটন করতে হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিবারের বিনীত অনুরোধ, দ্রুত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। এতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক ওসমান হাদির আদর্শ অনুসরণে উৎসাহিত হবে।’
মাছুমা হাদি অভিযোগ করেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর অভিযুক্তরা কীভাবে ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এ ঘটনায় কোনো রাষ্ট্রীয় বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা ছিল কি না, তা-ও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, চার্জশিট দাখিলের সময় বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে কেন, তা জানতে চায় দেশের মানুষ। তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।