রাজধানীর যে সড়কে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ১ম ওয়ানডে ম্যাচ আগামী ৯ জুন, ২য় ওয়ানডে ম্যাচ ১১ জুন ও ৩য় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, উল্লিখিত তারিখে সর্বসাধারণ ও যানবাহন চালকদের প্রশিকা রাস্তাটি পরিহার করে মিরপুর-১ গামী সকল যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।