০৬ জুন ২০২৬, ১৪:৫৭

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ২

আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক দুই যুবক  © সংগৃহীত

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ, গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যুবকরা হলেন মো. রঞ্জু ও সাখাওয়াত হোসেন। রঞ্জু দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মো. ইউছুফের ছেলে ও সাখাওয়াত একই ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মাইন উদ্দিনের ছেলে।

এর আগে শুক্রবার (৫ জুন) রাতে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ওই দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ফরিদ উদ্দিন রাতেই ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রকাশ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার রাতে সাবেক যুবদল নেতা ফরিদ উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা রঞ্জু ও সাখাওয়াতকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ, ১৪টি ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফেসবুক লাইভে ফরিদ উদ্দিন বলেন, ‘এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মাদক ব্যবসায়ী সাখাওয়াত ও রঞ্জুকে আটক করেছি। তারা স্থানীয়দের ওপর হামলারও চেষ্টা করেছে। দক্ষিণ হামছাদী ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ধারায় মামলার প্রস্তুতি চলছে। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।