ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় মটরসাইকেল, নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার মইশাই গ্রামের আবদুল্লাহ’র ছেলে কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস এন্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহ (৩৩) এবং তার দোকানের কর্মচারী একই জেলার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের রবিউলের ছেলে অন্তর (২৬)।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’
নিহত ব্যবসায়ীর মামা মওলানা মুফতি মাযহারুল ইসলাম বলেন, আমার ভাগিনা সানাউল্লাহ দোকানের কর্মচারী অন্তরকে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জনে নিহত হয়েছেন। এ খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ি থানায় আসছি।