চট্টগ্রামে যাত্রীর বেশে সিএনজি ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামে যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে যানবাহনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাই চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকার মো. কাদের (১৯) ও নাহিদুল ইসলাম (২২)। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আনোয়ারা থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ জুন রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গুনাগড়ি সিএনজি স্টেশন থেকে চালক সাইফুদ্দিন (১৮) রিজার্ভ ভাড়ায় দুই যাত্রী নিয়ে আনোয়ারার উদ্দেশে রওনা হন। পথে কালাবিবির দিঘীর মোড়ে চা-নাশতা শেষে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আরও দুই ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন। রাত ১২টা ১০ মিনিটের দিকে আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর-বারখাইন সড়কের মাথায় পৌঁছালে যাত্রীবেশে থাকা চারজন সাইফুদ্দিনকে অটোরিকশা থেকে টেনে নামিয়ে মারধর করেন। এ সময় ছিনতাইকারীরা এসএস পাইপ দিয়ে আঘাত করে তাকে আহত করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত সিএনজি, নগদ ৩২০০ টাকা এবং প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনতাই করে পালিয়ে যান।
এ ঘটনায় সিএনজি মালিক গোলাম কুদ্দুস বাদী হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন তাদের সহযোগীদের নিয়ে সিএনজি চালককে মারধর ও ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।