০৫ জুন ২০২৬, ১৫:৫৯

গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বজ্রপাতে কৃষকের মৃত্যু  © টিডিসি ফটো
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে নিজের গরু খুঁজতে গিয়ে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি ঝলসে যান এবং মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, ‘বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোয়ারাব নামে একজন রোগী হাসপাতালে এসেছিলেন। কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান। সরাসরি তার শরীরে বজ্র পড়ে। পরবর্তীতে তাকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান।’
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘বজ্রপাতে কোন নিহতের ঘটনা আমি এখন পর্যন্ত জানিনা। যদি পরিবার নিহতের বিষয়ে কোনো অভিযোগ প্রদান করে। তাহলে মঠবাড়িয়া থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’