০৪ জুন ২০২৬, ১৬:৩৩

যশোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আটক হযরত আলী  © সংগৃহীত

যশোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা বড়িসহ হযরত আলী (৫২) নামের এক চিহ্নিত মাদক  কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে বাসটি থামিয়ে তাকে আটক করা হয়।

আটক হযরত আলী বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী মন্দির এলাকার জামাত আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে যশোর কোতোয়ালি থানার হামিদপুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় নড়াইল থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা ‘অথৈ সোহান পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা শুঁটকি মাছের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিন হাজার ইয়াবা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, আটক হযরত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

তিনি আরও জানান, আজ দুপুরের দিকে আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।