গোসল করতে গিয়ে নিখোঁজ পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বয়রা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাফি উপজেলার বয়রা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা তিনটার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা সাঁতরে নদীর গভীর পানিতে চলে যান। পরে দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাফি স্রোতের টানে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে আবার অভিযান শুরু করলে বয়রা ঘাট এলাকা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। এ কারণে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।