পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে এবং মারিয়া আফতাব উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতরা হলেন অটোরিকশার চালক রাসেল (৩৫) ও নিহত ছাত্রীর মা যাত্রী হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজছাত্রীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটোরিকশার চালক রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামের নারীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।