ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত নারী স্মৃতি রানী বরগুনা শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি জেলা পরিষদ ডাকবাংলোয় পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম দুলাল রায়। নিহত দুই শিশুই তার কন্যাসন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় ২ বছর বয়সী অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে স্মৃতি রানী তার দুই সন্তানকে নিয়ে ডাকবাংলোয় কাজে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্মৃতি রানী ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। আর্থিক চাপের কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. আলীম বলেন, ‘ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’