০৩ জুন ২০২৬, ১৯:০৮

টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করায় পাওনাদারকে কুপিয়ে হত্যা করল ছেলে

ঘটনার পর উত্তেজিত মহল্লাবাসী অভিযুক্ত ইমন এবং তার মাকে গাছের সাথে বেঁধে রাখে  © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া(৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিলন মিয়া ঐ গ্রামের আমজুদ আলীর ছেলে। আটক মা-ছেলে হলেন কান্দাপাড়া গ্রামের হাবিয়া বেগম(৫৫) এবং ইমন মিয়া(২২)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে মিলন মিয়ার সাথে ইমন মিয়ার মায়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমন মিয়া এই ঘটনা দেখে মিলন মিয়াকে দা দিয়ে গলার বাম পাশে আঘাত করলে মিলন মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর উত্তেজিত মহল্লাবাসী অভিযুক্ত ইমন এবং তার মাকে ঘটনাস্থল থেকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা ও ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা-ছেলে দুইজনকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।