কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসছে বিশাল আকৃতির বেলিন তিমি
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে ৪০ থেকে ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) সকালে গভীর সমুদ্রে তিমিটির সন্ধান পান স্থানীয় পরিবেশকর্মীরা। কয়েক দিন আগে তিমিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, আর জোয়ার-ভাটার প্রভাবে এটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে তিমিটি ভাসমান অবস্থায় রয়েছে। জোয়ার-ভাটার কারণে এটি যেকোনো সময় মূল সৈকতে চলে আসতে পারে। তিমিটির শরীরের ওপরের অংশের চামড়া ইতোমধ্যে খসে পড়েছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, ‘সৈকতের ওয়াটার বাইক চালকদের কাছ থেকে খবর পেয়ে আমরা স্পিডবোট নিয়ে গভীর সমুদ্রে যাই এবং তিমিটির অস্তিত্ব নিশ্চিত করি। এটি প্রায় ৫-৬ দিন আগে মারা গেছে বলে আমাদের ধারণা। এটি ক্রমশ তীরের দিকে এগোচ্ছে।’
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের (ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগ) গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, শুধু বাহ্যিক অবস্থা দেখে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে তিমিটির নেক্রোপসি (ময়নাতদন্ত) ও বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে বন বিভাগের বিট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিমিটি উদ্ধারের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মৃত তিমিটির কঙ্কাল সংরক্ষণ এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মী ও সাধারণ মানুষ।