‘জিনের বাদশা’ সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার
নিজেকে ৪০০ বছর বয়সী ‘মোঘল আমলের জিনের বাদশা’ পরিচয় দিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবদুল হামিদ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
পুলিশ জানায়, অভিযুক্ত আবদুল হামিদ বিভিন্ন সময় বিভিন্ন নামে অনলাইন অ্যাপ চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। পরে অ্যাপগুলো বন্ধ করে নতুন অ্যাপের মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রতারণা চালাতেন।
তদন্তে জানা যায়, গ্রাহকরা টাকা ফেরত চাইলে তিনি টেলিগ্রামে একটি আইডি ব্যবহার করে নিজেকে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন এবং ভয়ভীতি প্রদর্শন করতেন।
এক ভুক্তভোগী নারীর করা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সলঙ্গা থানা এলাকার বনবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।