০২ জুন ২০২৬, ১৪:৪২

গাজীপুরে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

প্রতীকী ছবি  © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে জখমের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে এলাকার বাসিন্দারা বঙ্গবন্ধু বাজার-সংলগ্ন সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তির মুখের ডান পাশে আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।