সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ভারতের নাগরিক
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দণ্ডিত এক ভারতীয় কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন। সোমবার (১ জুন) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাকে ভারতের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা ওই ব্যক্তির নাম প্রদীপ চন্দ্র পাল (৪২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সীমান্ত সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর আদালতের রায়ে প্রদীপ চন্দ্র পালকে এক বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ওই মেয়াদ হবিগঞ্জ জেলা কারাগারে ভোগ করেন।
সাজা শেষ হওয়ার পর সোমবার দুপুর ১২টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দরসংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের প্রতিনিধি পিএস রিয়াবান সিদাই, খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির ৫৫ ব্যাটালিয়নের বাল্লা ক্যাম্পের ইনচার্জ মো. দাউদ হোসেন, হবিগঞ্জ জেলা কারাগারের জেল অফিসার শামসুল জামান এবং চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হস্তান্তরের আগে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রদীপ চন্দ্র পালকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রচলিত আইন ও দুই দেশের বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।