পুকুরে ভাসছিল নবজাতকের মরদেহ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরের একটি হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১ জুন) সকালে উপজেলা শহরের স্টেশনের পূর্ব পাশে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বৃ-কালিকা এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে বারহাট্টা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় নবজাতকটির মরদেহ পুকুরে ফেলে যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, নবজাতকটির মরদেহ ফুলে পচন ধরেছে। দু-এক দিন আগে রাতের আঁধারে নবজাতকটিকে পুকুরে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এর রহস্য উদঘাটন করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বারহাট্টা থানার ওসি চম্পক বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।