০১ জুন ২০২৬, ১৫:৪৮

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা এলাকা থেকে আসা দুই বছর বয়সী ছেলে। গত ৩০ মে তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ মে) রাতে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার সোমবার (১ জুন) সকালে  জানান, শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০২ জন শিশু চিকিৎসাধীন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে আক্রান্ত শিশুদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।