চট্টগ্রাম নগরে ও আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরে ও আনোয়ারায় একই দিনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাংশ। সোমবার (১ জুন) সকালে পৃথক দুটি স্থানে এ মিছিলের ঘটনা ঘটে। পরে মিছিলের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে উপজেলার পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগ কর্মী রবিউল হায়দারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জন যুবক মাথায় হলুদ টুপি পরে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। মিছিলের অগ্রভাগে ছিলেন সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ‘রাজবন্দীদের’ মুক্তি এবং দেশব্যাপী শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ জানানোর দাবি উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, `বিষয়টি আমরা অবগত হয়েছি। মিছিলের ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
নগরে এমইএস কলেজ ছাত্রলীগের মিছিল
এদিকে আজ বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সালের ফেসবুক আইডি থেকে এই মিছিলের একটি ভিডিও প্রকাশ করা হয়।
৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আলম বাচ্চুর নির্দেশনায় ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন যুবক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। তারা দ্রুত গতিতে সড়ক প্রদক্ষিণ করে একপর্যায়ে সড়ক দ্বীপে (আইল্যান্ড) দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি সভায় আছেন বলে জানান। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।