কংস নদীর ওপর অস্থায়ী সেতু নির্মাণ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংস নদীর ওপর গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি অস্থায়ী কাঠের সেতু। এতে ৮ গ্রামের মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হলেও সেতুটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। তাই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত সরকারি উদ্যোগে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফুলপুর উপজেলা সদর থেকে ১০-১১ কিলোমিরার দূরে সেনেরচর সেতু পরিদর্শনে গিয়ে দেখা যায়, এই সেতু দিয়ে নিশুনিয়াকান্দা, সেনেরচর, ঝিলকি, চাতুলিয়াকান্দা, চকেরকান্দা, পুটিয়া, ঘোনাপাড়া ও মালিঝিকান্দা গ্রামের মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করছেন। সেই সঙ্গে মোটরসাইকেল, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও আধুনিক কৃষি যন্ত্রপাতি চলাচল করতে দেখা গেছে। স্বেচ্ছায় গ্রামের মানুষের দেওয়া অর্থ ৫ লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ ও গাছের খুঁটি দিয়ে অস্থায়ী এই সেতু নির্মাণ করা হয়েছে। দুই বছরের মধ্যে এই সেতু নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
এলাকাবাসীর দাবি, ‘সরকারিভাবে পাকা সেতু নির্মাণের। এ জন্য তারা বহু মানুষের দ্বারে দ্বারেও ঘুরে এখন ক্লান্ত। সেনেরচর গ্রামের মো. সিরাজুল ইসলাম জানান, বন্যাকবলিত নিচু এই এলাকার মানুষ সব সময় অবহেলিত। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের নেই পাকা রাস্তা ও সেতু। এতে আমরা পিছিয়ে আছি।’
ঘোনাপাড়া গ্রামের আরিফুল ইসলাম জানান, গ্রামবাসীর অর্থায়নে এই সেতু নির্মাণে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে। কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন। তা ছাড়া কৃষি সরঞ্জাম আনতে খরচ আগের থেকে কমে গেছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।