০১ জুন ২০২৬, ১২:৫৬

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক  © টিডিসি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

ছুটি শেষে সোমবার সকাল থেকেই ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে। একই সঙ্গে রপ্তানিযোগ্য পণ্য নিয়ে বাংলাদেশি ট্রাকও ভারতে যাতায়াত করছে। পণ্য খালাস, লোড-আনলোডসহ বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক গতিতে পরিচালিত হচ্ছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটি শেষে সোমবার থেকে বন্দরের কার্যক্রম আবার চালু করা হয়েছে। দীর্ঘ বিরতির পর বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, ‘ঈদুল আজহার ছুটি শেষে সোমবার সকাল থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল ও অন্যান্য কার্যক্রমও চালু হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই বন্দরের কার্যক্রম পুরোপুরি গতিশীল হয়ে উঠবে।’