ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিআরটিসি বাস বেপরোয়া গতিতে চলার সময় প্রথমে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং অভিযুক্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।