ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রধান শিক্ষকের
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম প্রামাণিক (৫৮) নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহত আশরাফুল ইসলাম প্রামাণিক শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে শিবগঞ্জ পৌর এলাকার নাগরবন্দর এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার তীব্রতায় নিহত ব্যক্তির মরদেহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত আলুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবরে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।