৩০ মে ২০২৬, ২১:০৫

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদ, খালে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি   © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে খালে পড়ে মো. নাবিল খান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাবিল ওই এলাকার মো. সবুর খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের খালের ধারে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল নাবিল। একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে খালে পড়ে যায়। 

এ সময় তার সঙ্গে থাকা এক সহপাঠী দ্রুত দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খাল থেকে নাবিলকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।