৩০ মে ২০২৬, ০৭:১১

বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নিহত মাইনুদ্দিন  © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইনুদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাইনুদ্দিনের পরিবারের সঙ্গে একই এলাকার ফয়জুল্লাহ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ছোটপাতা গ্রামের বজলুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করে।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’