মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার পাখিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডু উপজেলার বরইতলা মাঠ এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টু ও হরিশপুর গ্রামের শুভ হোসেনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন ও আবু তালেব, পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব ও বাদশাসহ মোট পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং আবু তালেবকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় রাতে দেলোয়ার হোসেন মারা যান।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এখনো থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।