শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘিতে মিলল দুই শিশুর লাশ
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ভেতরের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মঙ্গলবার রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে ভাসমান ও তলিয়ে যাওয়া অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো—মো. আরাফাত মল্লিক (১০) ও আকাশ (১০)। এর মধ্যে মো. আরাফাত মল্লিক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদ্রাসার ছাত্র। সে পরিবারের সঙ্গে ঢাকাতেই থাকতো। অন্যজন মৃত আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে ও বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
আকাশের চাচা মাসুদ বলেন, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দরোড এলাকার চরের বাড়িতে থাকত। দুপুরে পরিবারের অজান্তে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা জানতে পারেন, মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা-মায়ের সাথে ঢাকায় থাকে। কোরবানির ঈদ উপলক্ষে গতকাল ঢাকা থেকে বরিশালে তার মামা বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়।
এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে আসছিল। এরপর সেই দিঘি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘির ঘাটলাতে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।