সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সঙ্গে ঝরে গেলো ছোট্ট আয়ানের প্রাণও
আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। তাই হয়ত বাবার সঙ্গে বাইকে চড়ে কুরবানির হাটে যাওয়ার জেদ করেছে ছোট্ট আয়ান। আবার হয়ত মাকেও সাথে নিতে চায় সে। সন্তানের আবদার মেটাতে মনির হোসেন স্ত্রী-সন্তান দুজনকে নিয়েই রওনা হয়েছেন নিশ্চয়ই। কিন্তু এটাই যে ছোট্ট পরিবারটির শেষ যাত্রা, কে জানতো?
সোমবার (২৫ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক পরিবারের তিনজনই মারা গেছেন।
নিহতরা হলেন, মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের ছেলে সন্তান মুহাম্মদ আয়ান (১০)। জানা গেছে, মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন জানান, আজ সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনে যাচ্ছিলেন মনির হোসেন। এসময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে ও চালককে থানায় নিয়ে আসে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।