২৫ মে ২০২৬, ২০:০৪

একটির দাম ২ লাখ ৮ হাজার উঠেছিল, অন্যটির প্রায় দুই লাখ- মারা গেল দুটিই

বজ্রপাতে মারা গেল কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরু  © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  টিউরী পাঠান  বাড়িতে বজ্রপাতে একই গোয়াল ঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত গরু দুটির মালিক প্রবাসফেরত বুলবুল আহমেদ  সোহেল কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় বছর খানেক ধরে যত্ন করে গরুগুলো লালন-পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানা গেছে , মৃত গরু দুটির মধ্যে একটি ইতোমধ্যে প্রায় ২ লাখ ৮ হাজার টাকায় বিক্রিও হয়ে গিয়েছিল। অপর গরুটির বাজারমূল্যও ছিল প্রায় ২ লাখ টাকা। এই হিসেবে পরিবারটির মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ টাকারও বেশি।

বুলবুল আহমেদ জানান, "গভীর রাতে বজ্রপাতের বিকট শব্দে আমরা  আতঙ্কিত হয়ে পড়ি। সকালে গোয়াল ঘরে গিয়ে দুটি গরুকে মৃত অবস্থায় দেখতে পাই। জীবনের শেষ সম্বল দিয়ে গরুগুলো কিনেছি। আশা ছিলো কোরবানিতে বিক্রি করে লাভবান হবো। আল্লাহ আমার পুঁজিসহ নিয়ে গেলো"।

জানা গেছে, প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে এসে  বুলবুল আহমেন সোহেল গরু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন। 

কোরবানির ঈদে ভালো দামে গরু বিক্রির প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়ে এসেছিল। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে মুহূর্তেই সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে। আকস্মিক এ দুর্যোগে পরিবারটি গভীর আর্থিক সংকটে পড়েছে বলে জানান স্থানীয়রা।